সারাদেশ

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

  ঝিনাইদহ প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ , ৭:৫৫:২৬ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোনায়েম হোসেন (৪৮) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোনায়েম হোসেন ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন বলে জানা গেছে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে গ্রামের বাজার থেকে বাড়ি ফিরছিলেন মোনায়েম হোসেন। পথে গ্রামের একটি স্কুলের পেছনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় তারা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, হামলায় মোনায়েম হোসেনের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়।

নিহতের স্ত্রী শিল্পী খাতুন বলেন, ‘আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের স্কুলের পেছনে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এখন বিধবা হয়ে গেলাম, আমার সন্তানরা এতিম হয়ে গেল। আমি এ হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।’

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।

আরও খবর

Sponsered content