সারাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১০ সেপ্টেম্বর ২০২৬ , ১১:২২:৩২ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর স্টেডিয়ামপাড়া এলাকার আলিফলাম বেকারির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কারখানাটিতে খাদ্য উৎপাদনের নির্ধারিত নিয়ম ও স্বাস্থ্যবিধি না মেনে বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। কারখানার ভেতরের পরিবেশও ছিল অপরিষ্কার ও নোংরা। এ ছাড়া খাদ্যপণ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় বেকারির মালিক পশ্চিম মাধবপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আরিফ মিয়াকে (৩০) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করেন। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হবিগঞ্জের কর্মকর্তারা, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান এবং মাধবপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ খাদ্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content