প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৫ , ১২:৪০:২৫ প্রিন্ট সংস্করণ
অভিনেতা ইরফান সাজ্জাদের অসৌজন্যমূলক ও অপেশাদার আচরণের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
সংগঠনটি এক বিবৃতিতে জানায়, গেল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের শুটিং স্পটে সময় টেলিভিশনের সাংবাদিক ও বাচসাসের কার্যনির্বাহী পরিষদের সদস্য মহিব আল হাসানের সঙ্গে অপ্রত্যাশিতভাবে দুর্ব্যবহার করেন ইরফান সাজ্জাদ, যা উপস্থিত সাংবাদিকদেরও হতবাক করে।
বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল জানিয়েছেন, একজন অভিনয়শিল্পীর কাছ থেকে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ, হুমকিমূলক ও অরুচিকর মন্তব্য মোটেও প্রত্যাশিত নয়।
তারা বলেন, ‘এ আচরণ শুধু অপেশাদারই নয়, স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের সামিল।’
বিবৃতিতে আরও বলা হয়, কোনো প্রতিবেদনে ইরফান সাজ্জাদ অসন্তুষ্ট হলে গণমাধ্যমের প্রচলিত নীতি অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় প্রতিবাদ জানানোই ছিল যুক্তিযুক্ত। কিন্তু তা না করে সরাসরি সাংবাদিকের ওপর আক্রমণাত্মক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাচসাস এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।











