খেলাধুলা

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের দুর্দান্ত জয়

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ৯:১৭:২৯ প্রিন্ট সংস্করণ

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন। তার জোড়া গোল ও একটি গোলে সহায়তায় রায়ো ভায়েকানোকে ৪-১ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লিগে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ।

শনিবারের ম্যাচে রিয়ালের হয়ে শুরু থেকেই আলো ছড়ান এমবাপ্পে। সপ্তাহজুড়ে তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, এবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তারই প্রাপ্য। মাঠের পারফরম্যান্সেও সেই দাবির পক্ষে জোরালো প্রমাণ দিয়েছেন ফ্রান্সের এই তারকা।

ম্যাচের ১৪তম মিনিটে আলভারো কারেরাসকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে।

এর মাত্র তিন মিনিট পর কারেরাসের গোলেও অবদান রাখেন তিনি। দারুণভাবে বল বাড়িয়ে দিয়ে সতীর্থকে গোলের সুযোগ করে দেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে ২০১৬ সালের জানুয়ারিতে হামেস রদ্রিগেসের পর প্রথম রিয়াল খেলোয়াড় হিসেবে লিগের সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথম ১৭ মিনিটের মধ্যে গোল ও গোলে সহায়তা করার কীর্তি গড়েন তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রিয়ালের ব্যবধান ৩-০ করেন জুড বেলিংহাম। তবে দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে কোচ হোসে মরিনিও খুব একটা সন্তুষ্ট হওয়ার কথা নয়। ৫১তম মিনিটে সার্জিও কামেয়োর গোল রায়োর ঘুরে দাঁড়ানোর আশা জাগায়।

তবে শেষ কথা বলেন রিয়াল ও এমবাপ্পেই। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে আরদা গুলেরের কাছ থেকে বল পেয়ে নিচু শটে জালে পাঠান বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। তাতেই রিয়ালের জয় নিশ্চিত হয়।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে এটি এমবাপ্পের সপ্তম গোল। স্প্যানিশ লিগে ছয় গোল নিয়ে তিনিই এখন সর্বোচ্চ গোলদাতা।

রিয়ালে যোগ দেওয়ার পর থেকে লিগে এক ম্যাচে একাধিক গোল করার হিসাবেও সবার ওপরে উঠে গেছেন এমবাপ্পে। ২০২৪-২৫ মৌসুম থেকে এখন পর্যন্ত ১৫টি ম্যাচে তিনি একাধিক গোল করেছেন। এই তালিকায় পরের অবস্থানে আছেন বার্সেলোনার রাফিনিয়া, যার এমন ম্যাচ ১১টি।

এর আগে গত সপ্তাহে রিয়াল বেতিসের কাছে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে হারিয়ে জয়ের পথে ফেরে তারা। এবার রায়ো ভায়েকানোর বিপক্ষে বড় জয় তুলে নিয়ে স্প্যানিশ লিগেও ঘুরে দাঁড়াল মরিনিওর দল।

আরও খবর

Sponsered content