খেলাধুলা

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণে সফল দৃষ্টান্ত — এনসিডি কর্ণার এখন নির্ভরতার কেন্দ্র

  মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৫ , ৩:৩৭:২৯ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণে স্থাপিত “নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্ণার” স্থানীয় জনগণের কাছে হয়ে উঠেছে এক নির্ভরতার কেন্দ্র। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীরা এখানে পাচ্ছেন নিয়মিত চিকিৎসা, পরামর্শ ও বিনামূল্যে ওষুধ সেবা।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এনসিডি কর্ণারে রোগীরা ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে সহজে সেবা গ্রহণ করতে পারেন। নিবন্ধিত রোগীরা প্রতি মাসে ফলোআপ সম্পন্ন করে ওষুধ সংগ্রহ করেন, ফলে চিকিৎসা সেবা অব্যাহত থাকে এবং রোগ নিয়ন্ত্রণে থাকে।

মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. আনোয়ারুল ইসলাম বলেন,“আমরা এনসিডি রোগীদের নিয়মিত চিকিৎসা, ওষুধ ও পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। অনিয়মিত চিকিৎসা বা ওষুধ বন্ধ করে দেওয়া অত্যন্ত বিপজ্জনক— এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।”

তিনি আরও বলেন,“কখনও কখনও সরকারি ওষুধ সরবরাহে সাময়িক ঘাটতি দেখা দিলে রোগীদের বাইরের ফার্মেসি থেকে ওষুধ সংগ্রহের পরামর্শ দেওয়া হয়। তবে সরকারি সরবরাহ যেন ব্যাহত না হয়, সে বিষয়ে আমরা সবসময় সচেষ্ট।”

আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসনিম হোসাইন আরিফ বলেন,“হাইপারটেনশন ও ডায়াবেটিস এমন নীরব ঘাতক, যা ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। তাই নিয়মিত চেকআপ ও চিকিৎসা অব্যাহত রাখা খুবই জরুরি।”

তিনি আরও বলেন,“সুস্থ থাকতে জীবনযাপনে কিছু সহজ পরিবর্তন আনতে হবে— যেমন অতিরিক্ত লবণ ও চিনি পরিহার, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস, পর্যাপ্ত পানি পান, তেল–চর্বি ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত রক্তচাপ ও রক্তে চিনি পরীক্ষা করা।”

রোগীদের নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সঙ্গে আনতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

এনসিডি কর্ণারের সচেতনতামূলক স্লোগান—“আজই সচেতন হোন, নিজে সুস্থ থাকুন, অন্যদের সচেতন করুন।”

নিয়মিত ফলোআপ, সহজলভ্য চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণার দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণে এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে, যা এখন দেশের অন্যান্য উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রের জন্যও অনুসরণযোগ্য উদাহরণ হয়ে উঠছে।

আরও খবর

Sponsered content