প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ১১:৪৯:৪৭ প্রিন্ট সংস্করণ
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পক্ষে কি একই দলে খেলা সম্ভব? সবুজ ঘাসে তারা একে অপরের ঘোরতর প্রতিপক্ষ। ফুটবল ইতিহাসে দুজনই সর্বকালের সেরাদের একেবারে সংক্ষিপ্ত তালিকায় থাকবেন। কারও কারও মতে, এই দুজনের যে কোনো একজনই ফুটবল ইতিহাসের সেরা। বছরের পর বছর নিজেদের এই শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য একে অন্যের সঙ্গে পারফরম্যান্স দিয়ে লড়ে গেছেন। সেই মেসি-রোনালদো একই দলের জার্সিতে সতীর্থ হিসেবে খেলবেনÑ এটি তো স্বপ্নের মতো দৃশ্য।
তবে সেই স্বপ্নটা বাস্তব হওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে বলেই দাবি করছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো। স্পেনের ইতিহাসে সবচেয়ে পুরনো এই ক্রীড়া দৈনিকটি এক প্রতিবেদনে লিখেছেÑ রোনালদো নাকি ক্যারিয়ারের সায়াহ্নে এসে মেসির সঙ্গে ইন্টার মিয়ামিতে জুটি বাঁধতে আগ্রহ প্রকাশ করেছেন! এটুকু পড়ে যারা খুব আগ্রহী হয়ে উঠেছেন, তাদের আগভাগেই একটা তথ্য দিয়ে রাখা ভালো। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গতকাল। আর এ দিনটিকে স্পেনে অনেকটা ‘এপ্রিল ফুলস ডে’র মতো পালন করা হয়। মানে সবাই সবাইকে বোকা বানানোর চেষ্টায় থাকে। সুতরাং বুঝতেই পারছেনÑ রোনালদো মেসির সঙ্গে খেলতে চান, এ প্রতিবেদনটিও হয়তো পাঠকের সঙ্গে মজা করারই একটি চেষ্টা। তবে বানানো প্রতিবেদন হলেও সেখানে রোনালদোর মিয়ামিতে খেলতে চাওয়ার পেছনে যে কারণগুলোর কথা লেখা হয়েছে, সেগুলো বেশ মজার। মুন্দো দেপোর্তিভো প্রথম কারণ হিসেবে লিখেছেÑ রোনালদোর ‘ইগো’ বা অহংবোধে বড় এক ধাক্কা লেগেছে সৌদি আরবে। সেখানে নাকি ফুটবল ম্যাচের চেয়ে উটের দৌড় দেখতে মানুষ বেশি ভিড় করে! আল নাসরের হয়ে রোনালদোর গোলের চেয়েও মানুষ নাকি কিং আবদুল আজিজ উৎসবের তিনবারের চ্যাম্পিয়ন উট ‘শাবা’র দৌড় নিয়ে বেশি মাতামাতি করে। এটি মেনে নিতে পারছেন না রোনালদো।
দ্বিতীয় কারণটিও বেশ বিচিত্র।
রোনালদোর দীর্ঘদিনের চিকিৎসক ও নামকরা চর্মরোগ বিশেষজ্ঞ ড. রোসাদো তাকে সাফ জানিয়ে দিয়েছেন, সৌদি আরবের কড়া রোদ তার সংবেদনশীল ত্বকের ক্ষতি করছে।














