প্রতিনিধি ১ মার্চ ২০২৬ , ১২:৪৪:০৬ প্রিন্ট সংস্করণ
লিডস ইউনাইটেডের মাঠে স্নায়ুচাপপূর্ণ ম্যাচে ১-০ গোলের জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ ধরে রাখল ম্যানচেস্টার সিটি। শনিবার প্রথমার্ধের যোগ করা সময়ে আঁতোয়ান সেমেনিওর একমাত্র গোলে জয় নিশ্চিত করে সিটি, ফলে শীর্ষস্থান থেকে তারা এখন মাত্র দুই পয়েন্ট দূরে।
লিগের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হালান্ডকে ছাড়াই খেলতে নেমেছিল সিটি। স্বাগতিকদের বিপক্ষে কঠিন লড়াই করেই জয় পায় পেপ গার্দিওলার দল। ২৮ ম্যাচ শেষে সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৫৯। সমান ম্যাচ খেলা আর্সেনাল রোববার চেলসির মুখোমুখি হবে, শিরোপা লড়াই আরও জমে উঠেছে।
প্রথমার্ধে ভালো সুযোগ তৈরি করেছিল লিডস। ডমিনিক ক্যালভার্ট-লিউইনের দুটি উল্লেখযোগ্য সুযোগ অল্পের জন্য মিস হয়। তবে বিরতির আগে ইনজুরি টাইমে সেমেনিও তার ষষ্ঠ লিগ গোলটি করেন। বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে পড়া রায়ান আইত-নৌরির পাসে কাছ থেকে স্লাইড করে বল জালে জড়ান তিনি।
লিগে শেষ ছয় ম্যাচে এটি সিটির পঞ্চম জয়। অনুশীলনে পাওয়া ‘হালকা চোটের’ কারণে এই ম্যাচে খেলতে পারেননি হালান্ড। তার জায়গায় শুরুর একাদশে ছিলেন রায়ান শেরকি।
ম্যাচ শেষে লিডস কোচ ড্যানিয়েল ফার্কে রেফারির কাছে তীব্র প্রতিবাদ জানাতে গেলে দ্রুতই তাকে লাল কার্ড দেখানো হয়।
চেলসি ও অ্যাস্টন ভিলার সঙ্গে সাম্প্রতিক ড্র থেকে আত্মবিশ্বাস পাওয়া লিডস শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। ক্যালভার্ট-লিউইন সহজ সুযোগ নষ্ট করেন, একটি শট পোস্টের বাইরে মারেন এবং আরেকটি সংকীর্ণ কোণ থেকে নেওয়া শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
ধীরে ধীরে খেলায় নিয়ন্ত্রণ নেয় সিটি এবং সেমেনিওর গোলের আগে বলের দখল বাড়াতে থাকে। দ্বিতীয়ার্ধেও একই তেজ নিয়ে শুরু করে লিডস। অ্যান্টন স্টাখের পাস থেকে পাওয়া সুযোগে ক্যালভার্ট-লিউইন শট নিতে গেলে ম্যাথিউস নুনেস দৌড়ে এসে বল ক্লিয়ার করেন।
ম্যাচের শেষদিকে মার্ক গেহি প্রায় ব্যবধান দ্বিগুণ করতে যাচ্ছিলেন, তবে তার হেডার দারুণভাবে প্রতিহত করেন ওয়েলশ গোলরক্ষক কার্ল ডারলো।
শেষ মুহূর্ত পর্যন্ত চাপ বজায় রাখে লিডস। কর্নার থেকে জাকা বিজোলের হেড অল্পের জন্য বাইরে চলে গেলে হতাশায় মাথায় হাত দেন ফার্কে।
২৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিডস রয়েছে ১৫তম স্থানে, অবনমন অঞ্চলের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে।








