সারাদেশ

ভূরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, হস্তান্তর করা হয়েছে বন বিভাগে

  মোঃ কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ৯:৫৭:১৭ প্রিন্ট সংস্করণ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৫নং ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের ভাসানীপাড়া এলাকা থেকে প্রায় ৯ ফুট লম্বা বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে স্থানীয় সাপুড়ে মোজাহারের সহযোগিতায় পুলিশ সদস্যরা সাপটি নিরাপদভাবে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কৃষকরা জমিতে ধান কাটার সময় পাশের একটি জারুল গাছে পাখির অস্বাভাবিক ডাক শোনেন। পরে উপরের দিকে তাকিয়ে তাঁরা বিশাল দেহের অজগর সাপটি দেখতে পান।
খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে, সৃষ্টি হয় আতঙ্ক। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে নেয়, যাতে কেউ সাপটির ক্ষতি না করতে পারে।

স্থানীয়দের ধারণা, গত অক্টোবরে ভারতীয় পানির ঢলে সৃষ্ট বন্যার সময় সাপটি ভেসে এসে থাকতে পারে।
স্থানীয় বাসিন্দা সজিব আহমেদ বলেন, “আমাদের এলাকায় এর আগে এমন সাপ দেখা যায়নি। বন্যার সময় নদী পথে গাছের সঙ্গে হয়তো এটি এসে পড়েছে। একটি ধরা পড়েছে, আরও থাকতে পারে—তাই এলাকা জুড়ে অনুসন্ধান প্রয়োজন।”

ভূরুঙ্গামারী–কচাকাটা সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি এবং সম্পূর্ণ নিরাপদভাবে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করি।”

কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, “অজগর সাপটি স্থানীয় এক সাপুড়ে ধরেছিলেন। আমরা সেটি গ্রহণ করে নিরাপদে রংপুর বিভাগীয় বন দপ্তরে পাঠিয়েছি।”

উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও বন বিভাগের তৎপরতায় সাপটি জীবিত অবস্থায় সংরক্ষিত হওয়ায় স্থানীয় প্রাণীপ্রেমিরা স্বস্তি প্রকাশ করেছেন।

আরও খবর

Sponsered content