তানভীর সরদার,স্টাফ রিপোর্টারঃ ২১ জুলাই ২০২৬ , ১২:১৯:৩৩ প্রিন্ট সংস্করণ
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, “বিগত ১৭ বছরে এমপি-মন্ত্রীরাই মাদকের ডিলার হিসেবে কাজ করেছে। এখন ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হবে।”
সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইমাম ও পুরোহিতদের উদ্দেশে নিপুণ রায় বলেন, মসজিদে বয়ান এবং মন্দিরে ধর্মীয় আলোচনার মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। পরিবার ও সমাজকে একযোগে এগিয়ে এলে তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখা সম্ভব হবে।
তিনি বলেন, শুধু সচেতনতা বৃদ্ধি করলেই হবে না, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এতে তারা হতাশা ও মাদক থেকে দূরে থাকবে।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু গাছের চারা বিতরণ নয়, নতুন নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি করেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান এবং অসচ্ছল মানুষের মধ্যে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।





















