জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৬ , ১১:৫৪:০৪ প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম, তাহমিদা আহমদ এবং ইসি সচিব ও সংসদ সচিবালয় সচিবও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনার জন্য এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে গত রোববার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সচিব বৈঠক করেন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইন নিয়ে পর্যালোচনা করা হয়। এরপর তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়।

নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে ওইদিনই তা গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই দিনে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ফলে ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকার পদে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে তফসিল দেবেন স্পিকারের সঙ্গে আলোচনা করে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি পদত্যাগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

আরও খবর

Sponsered content