আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ২৮ জুলাই ২০২৬ , ৮:৫৭:৪৯ প্রিন্ট সংস্করণ
বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়া উপজেলা সফরকালে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, সরকারি বিভিন্ন অনুদান ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাতে হবে। সরকারি সহায়তা বণ্টনে স্বচ্ছতা, জবাবদিহি ও সুষমতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, খন্দকার মোহাম্মদ আলী, সরোয়ার হোসেন মিয়াসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা সভায় অংশ নেন।
সভায় তিনি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রতিটি সরকারি কার্যক্রম তথ্য-উপাত্ত ও নথিভিত্তিক হতে হবে। প্রতিটি কাজের প্রয়োজনীয় রেকর্ড সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে সেবার মান বজায় থাকে এবং প্রশাসনিক জবাবদিহি প্রতিষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কোনো নাগরিক যেন সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহম্মেদ, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















