প্রতিনিধি ২৮ জুলাই ২০২৬ , ১১:৩৯:৫৯ প্রিন্ট সংস্করণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠকে ইরানে ‘শাসন পরিবর্তন’ ইস্যু আবারও সামনে আনতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ট্রাম্প এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবেন বলে মনে করছেন না মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক অ্যালেক্স ভাটাঙ্কা।
সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের গবেষক ভাটাঙ্কা বলেন, মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু সম্ভবত তেহরানে শাসন পরিবর্তনের ধারণাটি আবারও তুলে ধরার চেষ্টা করবেন।
তবে তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাবে আগ্রহী নন। কারণ যুক্তরাষ্ট্রে ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন যুদ্ধ রাজনৈতিকভাবে অত্যন্ত অজনপ্রিয়। তাই এই বৈঠক থেকে নেতানিয়াহু ঠিক কী অর্জন করতে পারবেন, তা এখনো স্পষ্ট নয়।
ভাটাঙ্কা আরও বলেন, অতীতে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর একাধিক বৈঠকের পর ইরান-ইসরায়েল উত্তেজনা বেড়েছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে কি না, সেটি পর্যবেক্ষণের বিষয়।
তিনি জানান, তেহরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের করা সমঝোতা স্মারক নিয়েও ইসরায়েলে অসন্তোষ রয়েছে। কারণ, ইরানকে ঘিরে নিরাপত্তা ঝুঁকির বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
বিশ্লেষকের মতে, ইসরায়েলি কর্মকর্তারা চাইবেন, নেতানিয়াহু যেন ট্রাম্পের কাছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক কর্মসূচির বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
তবে এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান তুলনামূলক সংযত। ভাটাঙ্কার ভাষায়, সামরিকভাবে যুক্তরাষ্ট্রের করণীয় সীমিত। পূর্ণমাত্রার সামরিক অভিযান চালিয়ে ইরান দখল করা ছাড়া বড় ধরনের বিকল্প নেই, আর এমন পদক্ষেপকে বাস্তবসম্মত বলে কেউই গুরুত্ব সহকারে বিবেচনা করছে না।





















