প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ১:৪৬:২৪ প্রিন্ট সংস্করণ
শুরুতে লড়াইয়ের আভাস দিলেও সেটা ধরে রাখতে পারলেন না শাহাদাত হোসেন। নামী ক্রিকেটারদের অভিজ্ঞতাও মাঠে কাজে লাগাতে ব্যর্থ হলেন অন্যরা। ফলে একমাত্র চার দিনের ম্যাচে সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হেরে সফর শেষ করল বাংলাদেশ ‘এ’ দল।
ডারউইনে তৃতীয় দিনেই ম্যাচের নিষ্পত্তি হয়। দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। তার আগে প্রথম ইনিংসে অলআউট হয়েছিল মাত্র ১১৪ রানে।
দ্বিতীয় ইনিংসে আগের দিন ৪২ রানে অপরাজিত ছিলেন শাহাদাত। কিন্তু নতুন দিনে যোগ করতে পারেন মাত্র ৭ রান। কিছু পরেই ৩৬ রানে ফেরেন ইয়াসির আলি চৌধুরি। এরপর অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসান কিছুটা চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। নাঈম ফেরেন ২৫ রানে, আর ৩ চার ও ১ ছক্কায় ৩২ রান করেন মাহিদুল।
লোয়ার অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো—রিপন মন্ডল ও এনামুল হক কোনো রানই করতে পারেননি। তবে হাসান মুরাদ কিছুটা আশা জাগান। শেষ উইকেটে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে গড়েন ৪৮ রানের জুটি। তার ৪২ রানে শেষ হয় সফরকারীদের ইনিংস ও ম্যাচটিও।
এর আগে টপ এন্ড টি–টোয়েন্টি টুর্নামেন্টেও একঝাঁক আন্তর্জাতিক ক্রিকেটারকে নিয়ে অংশ নিয়ে ১১ দলের মধ্যে নবম হয়ে বিদায় নেয় বাংলাদেশ ‘এ’। ফলে অস্ট্রেলিয়া সফর শেষ হলো চরম হতাশায়।




















