স্টাফ রিপোর্টার: ২৮ আগস্ট ২০২৫ , ১১:২৪:১৩ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে আবারও শুনানি করতে যাচ্ছে আপিল বিভাগ। আগামী ৪ নভেম্বর থেকে এ বিষয়ে শুনানি শুরু হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে চলতি বছরের ২৭ এপ্রিল আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। ৯ জানুয়ারি জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে ব্যারিস্টার নিহাদ কবীর আবেদনটি করেন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা পদমর্যাদাক্রমে অন্তর্ভুক্তির আবেদন করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে রায় দেন। তাতে রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের ওপরের দিকে রাখা হয় এবং জেলা জজদের পদক্রম আট ধাপ উন্নীত করে সচিবদের সমান করা হয়। এছাড়া প্রধান বিচারপতির পদক্রম জাতীয় সংসদের স্পিকারের সমান করা হয়।
রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ২০১৭ সালে মন্ত্রিপরিষদ সচিব এবং তৎকালীন সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান পৃথক রিভিউ আবেদন করেন। পরবর্তীতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা পক্ষভুক্ত হন।
রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন প্রবীর নিয়োগী। ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। এ ছাড়া ইন্টারভেনার হিসেবে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।











