সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

  হুমায়ুন কবির, রাণীশংকৈল প্রতিনিধি ২ জুন ২০২৬ , ১০:৪১:৪০ প্রিন্ট সংস্করণ

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শান্ত মার্ডি (২৬) নামে এক আদিবাসী যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর আদিবাসী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শান্ত মার্ডি ওই গ্রামের মোটাই মার্ডির ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পর তিনি নিজ কক্ষে অবস্থান করছিলেন। পরে দুপুরে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে উদ্বিগ্ন হন। একপর্যায়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

সংবাদ পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

পরিবারের সদস্যরা জানান, শান্ত মার্ডি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

ঘটনার পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রশাসনিক অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় অনুসন্ধান ও আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

আরও খবর

Sponsered content