প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ২:০৬:৩০ প্রিন্ট সংস্করণ
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বাইরে একটি টাউনশিপে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ওয়েস্ট র্যান্ড জেলার ওয়েদেলা এলাকায় এ হামলার পর রোববার হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পানশালার বাইরে বসে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা পানশালার ভেতরে ঢুকে সেখানে থাকা লোকজনের ওপরও গুলি চালায়।
হামলাকারীদের কাছে পিস্তল ও একে-৪৭ রাইফেল ছিল বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ ১৫ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দক্ষিণ আফ্রিকার পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে কয়েকজনের তল্লাশি চালিয়ে তাদের মোবাইল ফোন নিয়ে যায়। এরপর দুটি অজ্ঞাতপরিচয় গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ আফ্রিকায় এ ধরনের বন্দুক হামলা নতুন নয়। গত সপ্তাহে ডারবান শহরের দক্ষিণে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে এক নারী ছিলেন, যিনি অন্তঃসত্ত্বা বলে ধারণা করা হয়েছিল।
এর আগে জুনে জোহানেসবার্গের একটি শহরতলির অনানুষ্ঠানিক বসতিতে বন্দুক হামলায় ১২ জন নিহত হন।
দক্ষিণ আফ্রিকার পুলিশের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটিতে প্রতিদিন গড়ে ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।















