আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে সহায়তার ঘোষণা ট্রাম্পের

  প্রতিনিধি ২৫ জুন ২০২৬ , ১১:৩৮:০৬ প্রিন্ট সংস্করণ

শক্তিশালী জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জনগণের প্রতি সমর্থন ও সহানুভূতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির প্রয়োজনীয় সহায়তায় কাজ করার কথাও জানিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্দাউ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। তিনি দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই সংকটময় সময়ে তাদের জন্য প্রার্থনা করা হচ্ছে এবং সহায়তা কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ৭ দশমিক ৫। দুটি কম্পনের মধ্যে ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।

ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। কয়েকটি এলাকায় পাহাড়ঘেঁষা ভবন ধসে পড়ার ঘটনাও ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, কম্পন শুরু হওয়ার পর আতঙ্কিত মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিচ্ছেন। অনেককে পরিবারের সদস্য ও পোষা প্রাণী নিয়ে নিরাপদ স্থানে সরে যেতে দেখা গেছে।

দেশটির উত্তর উপকূলীয় অঞ্চল ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এ এলাকায় ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ কয়েকটি তেল শোধনাগার অবস্থিত, ফলে শিল্প ও জ্বালানি খাতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারি সূত্র জানিয়েছে, রাজধানীসহ বিভিন্ন শহর ও জনপদে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও বেশ কিছু স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে।

এদিকে ভূমিকম্পের পর রাজধানী কারাকাসের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আরও খবর

Sponsered content