৩১ জানুয়ারি, শনিবার সকাল ১০টায় ছারছীনা জামে মসজিদ–এ বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ নেছারাবাদ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর পৃষ্ঠপোষক ও ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা অপরিহার্য। ব্যক্তির সংশোধনের মাধ্যমে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং সমাজ সংশোধনের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের বাস্তবায়ন সম্ভব। তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে ছারছীনা দরবার শরীফ সূচনা লগ্ন থেকেই বাংলার জমিনে বহুমুখী ইসলামী খেদমত করে আসছে, যা সর্বজনস্বীকৃত।
তিনি শিক্ষাঙ্গনগুলোতে দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গভাবে চর্চার জন্য বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর পতাকাতলে সপ্তমূলনীতির আলোকে দৃঢ়তার সঙ্গে দাওয়াতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি মহল্লা পর্যায়ে আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা প্রচারে নানামুখী কার্যক্রম জোরদার করার তাগিদ দেন। বর্তমান ফিতনার যুগে ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষায় সুচিন্তিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, উপদেষ্টা সভাপতি, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ।
এ ছাড়া সম্মেলনে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























