সারাদেশ

শ্রীপুরে মাইক্রো-ভ্যান সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত, আহত ভ্যানচালক

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ২৪ এপ্রিল ২০২৬ , ১:১০:১৪ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুর উপজেলায় মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. হাফিজুর রহমান (৪০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালক মোতাহার মণ্ডল (৫৫) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের ছাবিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ছাবিনগর গ্রামের মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুর রহমান ভ্যানযোগে লাঙ্গলবাঁধ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের ছাবিনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়।

সংঘর্ষে হাফিজুর রহমান ও ভ্যানচালক মোতাহার মণ্ডল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমান মারা যান। আহত ভ্যানচালক বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত হাফিজুর রহমান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content