প্রতিনিধি ১২ জুন ২০২৬ , ১১:৫৭:২৬ প্রিন্ট সংস্করণ
আজ ১২ জুন আর্ন্তজাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। দিবসটির এ বছরের প্রতিপাদ্য, ‘শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়ে থাকে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৮ জুন প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যমতে, বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশুশ্রমের সঙ্গে যুক্ত। এর মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত।
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এ বছরের প্রতিপাদ্য, ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’।
বিশ্বে ১৩ কোটি ৮০ লাখ শিশু এখনো শিশুশ্রমে যুক্ত। বাংলাদেশে কিছুটা অগ্রগতি হলেও সংকট রয়ে গেছে। আইএলও, ইউনিসেফ নতুন প্রতিবেদনে দেখা গেছে, চলতি শতকের শুরুর তুলনায় শিশুশ্রম প্রায় ৫০ শতাংশ কমেছে, কিন্তু বিশ্ব শিশুশ্রম নির্মুলের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। বৈশ্বিক প্রচেষ্টার ফলে শিশুশ্রম উল্লেখযোগ্যভাবে কমলেও প্রায় ১৩ কোটি ৮০ লাখ শিশু ২০২৪-২৫ সালে শিশুশ্রমে যুক্ত ছিল, যার মধ্যে ৫ কোটি ৪০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত, যা তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও বিকাশকে বাধাগ্রস্ত করছে।
বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্র্য, শিক্ষার অভাব, সামাজিক বৈষম্য এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারের বিস্তার শিশুশ্রমের প্রধান কারণ। উন্নয়নশীল দেশগুলোতে এই সমস্যা আরও প্রকট, যেখানে অনেক পরিবার জীবিকার তাগিদে শিশুদের শ্রমে ঠেলে দিতে বাধ্য হয়।




















