আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে টোল আদায়ের বিষয়ে ইরানের নতুন তথ্য

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ , ১২:৪২:৫১ প্রিন্ট সংস্করণ

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের ওপর টোল আরোপের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেছেন, ‘তেহরান প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর সরাসরি কোনও ফি আরোপ করবে না।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রেজায়ি বলেন, ‘বর্তমানে ইরানের পার্লামেন্ট একটি খসড়া আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। এই আইনে প্রণালীর নিরাপত্তা নিশ্চিতকরণ-সংক্রান্ত ফি নির্ধারণ করা হবে।’

তিনি জানান, কেবল ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে হবে। শত্রুভাবাপন্ন দেশের সামরিক জাহাজকে কোনও অবস্থাতেই পারাপারের অনুমতি দেওয়া হবে না। তবে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজ ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে চলাচল করতে পারবে।

রেজায়ি আরও বলেন, ‘প্রণালি পরিচালনা বা নিরাপত্তা নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা মেনে নেবে না ইরান।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে টোল আদায়ের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘টোল আদায় করা যাবে না। না, এটা কোনোভাবেই হবে না।’

উল্লেখ্য, এর আগে ইরানকে টোল দিয়ে প্রণালি পাড়ি দেওয়া জাহাজগুলোকে আটকে দিতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। যদিও এ নির্দেশের পর এমন কোনও জাহাজ আটকের খবর পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content