প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৫৪:৫২ প্রিন্ট সংস্করণ
গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করাই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
তিনি বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনায় ইসরায়েল কাজ করে যাচ্ছে। তবে, এটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন।
গতকাল বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট আয়োজিত এক সম্মেলনে ইসরায়েল কাটজ এসব কথা বলেন।
এদিকে টাইমস অফ ইসরায়েল-এর প্রতিবেদনেও উল্লেখ করা হয়, কাটজ বলেন, শেষ পর্যন্ত, এই স্থানান্তর ছাড়া গাজার কোনো প্রকৃত সমাধান নেই।
এই সম্মেলনে কাটজ দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব থেকে সরে আসেননি, বরং তিনি এটি সাময়িকভাবে স্থগিত রেখেছেন।
কাটজ আরও বলেন, ইসরায়েলি সরকার সমুদ্রপথে, আকাশপথে এবং যেকোনো উপায়ে গাজা দখল করতে প্রস্তুত।
তিনি জানান, ফিলিস্তিনি ভূখণ্ডের সীমান্তবর্তী দেশ মিশর ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দিতে অস্বীকার করছে।
প্রসঙ্গত, এর আগে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে উপত্যকাটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার প্রস্তাব সমর্থন করেছিলেন। পরে তিনি একটি যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেন। ওই চুক্তিতে বলা হয়েছে, গাজা থেকে কাউকে জোর করে চলে যেতে বাধ্য করা হবে না।
১২-দফা এই চুক্তিতে আরও বলা হয়েছে- কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না, এবং যারা যেতে ইচ্ছুক তারা তা করতে এবং ফিরে আসতে স্বাধীন থাকবে। আমরা জনগণকে থাকতে উৎসাহিত করব এবং তাদের একটি উন্নততর গাজা গড়ার সুযোগ দেব।
এদিকে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনগুলো গাজাকে জনশূন্য করার এই প্রস্তাবকে জাতিগতভাবে নির্মূল হিসেবে আখ্যায়িত করেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে, ইসরায়েল গাজায় সাহায্য সীমিত করে চলেছে এবং অঞ্চলটিতে পুনর্গঠনে বাধা দিচ্ছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রায় প্রতিদিন হামলা চালানো হচ্ছে।





















