প্রতিনিধি ২৮ জুলাই ২০২৬ , ১২:৪৪:২২ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত অভিনেত্রী পরীমণি। অভিনয়জীবনের প্রায় এক দশক পূর্ণ হতে চললেও ক্যারিয়ারের শুরু থেকেই নানা কারণে আলোচনায় থেকেছেন তিনি। বিশেষ করে ব্যক্তিজীবন ও বিভিন্ন ইস্যুতে খবরের শিরোনাম হচ্ছেন এই অভিনেত্রী।
তারই ধারাবাহিকতায় এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার দিক থেকে নতুন রেকর্ড গড়লেন পরীমণি। ফেসবুক অনুসারীর সংখ্যায় বাংলাদেশি তারকাদের মধ্যে দীর্ঘদিন শীর্ষে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে এবার তাকে ছাড়িয়ে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক হয়েছেন এই চিত্রনায়িকা।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পরীমণির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। আর সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখ ছাড়িয়ে। দুই তারকার মধ্যে ব্যবধান ১০ লাখের। এর মধ্যদিয়ে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন পরীর দখলে।
গত বছরও দুজনের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। পরে কিছু সময়ের জন্য আবার এগিয়ে যান সাকিব। তবে সর্বশেষ পরিসংখ্যানে পরীমণি এক মিলিয়ন অনুসারীর ব্যবধানে এগিয়ে গেছেন।
উল্লেখ্য, পরীমনি বর্তমানে নতুন কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে ক্রিকেটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের বিভিন্ন ঘটনাতে আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান।















