সারাদেশ

সিলেটে ট্রাক উল্টে যুবক নিহত

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার(সিলেট) ১২ এপ্রিল ২০২৬ , ৮:০২:১২ প্রিন্ট সংস্করণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় সাদাপাথর বোঝাই একটি ট্রাক্টর উল্টে সুহান (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরের চালক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুহান পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের আব্দুন নুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দয়ার বাজারের উত্তর পাশের ধলাই নদীর পাড় থেকে সাদাপাথর বোঝাই করে ট্রাক্টরটি ফেরার পথে কলাবাড়ি মাদ্রাসার পেছনের মূল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাক্টরের শ্রমিক সুহান মিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় ট্রাক্টরের চালক আলীম উদ্দিন (২০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুহানকে মৃত ঘোষণা করেন। আহত আলীম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content