সারাদেশ

মাধবপুরে বিএনপির রাজনীতিতে পুনরায় সরব সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৫ , ৯:১৮:২৮ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন করে প্রাণ ফিরে এসেছে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর। দলীয় অঙ্গনে পুনরায় সরব উপস্থিতি জানালেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। সিদ্ধান্ত প্রকাশের সঙ্গে সঙ্গেই চুনারুঘাট–মাধবপুরের বিএনপি নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। রাতে হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নেওয়ার কারণে তিনি দল থেকে বহিষ্কৃত হন। তবে দায়িত্ব পালনকালে তার প্রশাসনিক দক্ষতা, স্থানীয় রাজনীতিতে সক্রিয়তা এবং তৃণমূলের দীর্ঘদিনের দাবি বিবেচনায় কেন্দ্রীয় পর্যায়ের আলোচনার মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

ফিরে এসে সৈয়দ মোঃ শাহজাহান বলেন, “দল আমাকে যে সম্মান ফিরিয়ে দিল—এটি পুরো মাধবপুর–চুনারুঘাটের নেতাকর্মীদের জন্য সম্মান। শৃঙ্খলা, ঐক্য ও সততার ভিত্তিতে আমরা সামনে আরও শক্তভাবে মাঠে নামব।” তিনি আরও জানান, সংকটকালীন সময়ে নেতাকর্মীদের অবিচল সমর্থন তাকে ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে সংগঠনের পাশে থাকতে অনুপ্রাণিত করবে।

বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল এ সিদ্ধান্তকে নির্বাচনী লড়াইয়ের জন্য “একটি বড় শক্তি” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “শাহজাহান ভাই তৃণমূলের একজন নির্ভরযোগ্য নেতা। তার অভিজ্ঞতা ও সংগঠনগত সক্ষমতা নির্বাচনী কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

স্থানীয় নেতাকর্মীদের মতে, তার প্রত্যাবর্তন দলের ভেতরে স্থিতিশীলতা বৃদ্ধি করবে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব হ্রাস করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে আরও সংগঠিতভাবে মাঠে নামতে সহায়তা করবে।

আরও খবর

Sponsered content