আইন-আদালত

জুলাই আন্দোলনের নতুন মামলায় মডেল মিষ্টি সুবাস গ্রেপ্তার

  প্রতিনিধি ২৮ জুন ২০২৬ , ২:৩৮:৪৯ প্রিন্ট সংস্করণ

জুলাই আন্দোলনে ঢাকার আশুলিয়া থানার শাকিল বাবু হত্যাচেষ্টা মামলায় মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই সাইফুল ইসলাম মিষ্টি সুবাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে পুলিশের এসআই বিশ্বজিৎ দেবনাথ আসামিকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন।

আর মিষ্টি সুবাসের পক্ষে অ্যাডভোকেট গোলাম রাব্বানী গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানিতে বলেন,‘গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হয় মিষ্টি সুবাস। এরপর তাকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুই মামলায় জামিন পান তিনি। গত ২৩ জুন জামিননামা হাজতখানায় পাঠানো হয়। পরদিন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর দেখানোর আবেদন করা হয়। ঘটনার সাথে তিনি জড়িত না। তাকে গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করছি।’

এরপর আদালতের অনুমতি নিয়ে মিষ্টি সুবাস বলেন,‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতনি। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানতে স্মৃতিসৌধে গিয়েছিলাম। ২০২৪ সালের ৫ অগাস্টে আগে দল/দেশ নিয়ে কিছু বলতাম না। ৫ অগাস্টের পর দেখলাম মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে। এরপর থেকে আমি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছি। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি সেই অপরাধে অপরাধী হতে চাই। মুক্তিযোদ্ধার সন্তান হওয়া কি অপরাধ? কথা বললেই জামিন আটকে যাচ্ছে। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।’

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে মিষ্টি সুবাস বলেন,‘বারবার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমি আর কথা বলব না। কথা বললে আমাকে বারবার আটকে দিচ্ছে। আমার কি অপরাধ আমি জানি না। কোন অপরাধে বারবার আমাকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।’

গ্রেপ্তার দেখানো মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৮ আগস্ট বিকেলে সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হন শাকিল বাবু নামের এক যুবক। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে একই বছরের ২৫ অগাস্ট আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

 

আরও খবর

Sponsered content