প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৫ , ১:৩১:০২ প্রিন্ট সংস্করণ
রাজশাহী নগরীর কাদিরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ‘ডক্টর ইংলিশ কোচিং’র মালিক মুনতাসির আলম অনিন্দ্য ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর বোয়ালিয়া থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গাজিউর রহমান জানান, আটকদের আজ (রোববার) আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।শনিবার সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) ব্যাটালিয়নের একটি দল ‘ডক্টর ইংলিশ কোচিং’ সেন্টারে বিশেষ অভিযান চালায়। এক মাসেরও বেশি সময়ের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কোচিং সেন্টারের মালিক ও ইংরেজি শিক্ষক মুনতাসির আলম অনিন্দ্য (রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই), মো. রবিন ও মো. ফয়সাল। রবিন ও ফয়সালকে অনিন্দ্যের সহযোগী হিসেবে আটক করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা হয়েছে— তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দুরবিন ও স্নাইপার স্কোপ ,ছয়টি দেশীয় অস্ত্র ও সাতটি বিদেশি ধারালো ডেগার
পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, সামরিক মানের জিপিএস ও একটি টিজারগান, বিপুল কার্টিজ ও অব্যবহৃত সিম কার্ড ,বোমা তৈরির সরঞ্জাম, ছয়টি কম্পিউটার সেট , নগদ ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি-বিদেশি মদ, ১১টি নাইট্রোজেন কার্টিজ, যা বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদে এ চক্রের উদ্দেশ্য ও নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।




















