জাতীয়

চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক হয়নি

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৬ , ১:০৪:২৭ প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত, তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে দিনক্ষণ ঠিক করার কথা বলা আছে। সেজন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতে প্রাথমিকভাবে বিস্তারিত আলোচনা হয়েছে।’

তবে নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘এটি চূড়ান্ত হলে জানানো হবে। জাতীয় সংসদ অধিবেশনে থাকলে এ নির্বাচন একভাবে হবে, আর না থাকলে আরেক ধরনের ব্যবস্থা রয়েছে।’

এ সময় এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে। সংসদ সচিবালয় এ নির্বাচনের ভোটার তালিকা দেবে। এজন্য নির্বাচন কমিশন চিঠিও দিয়েছে।’

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন- সংসদ সচিব হাফিজ আহমেদ চৌধুরী ও সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া।

প্রসঙ্গত, গুরুতর অসুস্থতার কথা জানিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধানের নিয়ম অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর সে পর্যন্ত স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে ক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে। সে লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে তফসিল দেবেন স্পিকারের সঙ্গে আলোচনা করে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা।

প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে মঙ্গলবার প্রাথমিক আলোচনা সেরে ফেলল নির্বাচন কমিশন।

আরও খবর

Sponsered content