নিজস্ব প্রতিবেদক: ১৭ আগস্ট ২০২৬ , ২:৩১:২১ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গীর কেরানিটেক বস্তিতে মাদক ব্যবসা ঘিরে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, কুলসুম নামের এক নারীকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট। রেলওয়ের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে মাদক বিক্রির স্পট পরিচালনারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রের দাবি, একসময় কুলসুম মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য-সহযোগিতা নিয়ে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাঁর পরিবারের একাধিক সদস্যও এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, মাদক ব্যবসার অর্থে কুলসুম ও তাঁর পরিবারের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে এবং তাঁরা বিলাসবহুল বাড়ি ও গাড়ির মালিক হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে কেরানিটেক বস্তির একটি নির্দিষ্ট স্থানে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকের কারবার চলছে। রেলওয়ের সরকারি জায়গা দখল করে ওই স্থানে মাদকের আড্ডা গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ তাঁদের।
এলাকাবাসী জানান, কেরানিটেক বস্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে কুলসুম ও তাঁর সহযোগীদের কেউ কেউ আটক হলেও পরবর্তীতে জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়দের ভাষ্য, মাদক ব্যবসার বিস্তারে এলাকার যুবসমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের আড্ডাকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এলাকাবাসী কেরানিটেক বস্তিতে মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি অভিযোগগুলো তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে রেলওয়ের সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করে এলাকাটিকে মাদকমুক্ত করারও দাবি জানিয়েছেন তাঁরা।





















