মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ৬ অক্টোবর ২০২৬ , ৮:৩৮:৫১ প্রিন্ট সংস্করণ
নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে ওই চারজনকে ভারতীয় শূন্যরেখার অভ্যন্তরে শনাক্ত করা হয়। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
অন্যদিকে জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা দিয়েও আরও তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। এ নিয়ে দুই সীমান্ত দিয়ে মোট সাতজনকে পুশইনের চেষ্টা করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, ‘সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজন এবং কড়িয়া সীমান্ত দিয়ে তিনজনকে পুশইনের চেষ্টা করা হয়েছে। বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের শূন্যরেখার অভ্যন্তরে শনাক্ত করেছে। বর্তমানে সাতজনই সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন।’
তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান রয়েছে। তাদের পুশ ব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।’
সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।





















