এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ২৩ আগস্ট ২০২৬ , ৫:৪৪:৪৬ প্রিন্ট সংস্করণ
যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ‘স্পোর্টস, কালচারাল উইক ও হেলদি ফুড ফেস্টিভ্যাল-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন পুলেরহাটের ৫০০ শয্যাবিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, মেডিকেল শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং স্বাস্থ্যসম্মত খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের জন্য নিয়ন্ত্রিত জীবনযাপন জরুরি। বিশেষ করে চিকিৎসা পেশায় যারা যুক্ত, তাদের জন্য এটি আরও বেশি প্রযোজ্য। কারণ চিকিৎসকরা নিজেরা সুস্থ না থাকলে রোগীদের সুস্থ রাখবেন কীভাবে?
তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়ে কলেজ কর্তৃপক্ষের এ ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে। নিয়মিত শরীরচর্চা মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। পড়াশোনা ও পেশাগত চাপ থেকে মুক্ত থাকতে শরীরচর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ইতিবাচক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস।
এ ছাড়া বক্তব্য দেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ও বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক ডা. রুকসানা হাবিব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী নাবিলা নুহাত খান।
অনুষ্ঠানে বাংলাদেশি ও ভারতীয় শিক্ষার্থীরা নিজ নিজ দেশের জাতীয় সংগীত পরিবেশন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ মাঠে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ইনডোর ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, ক্যারাম ও টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এমন আয়োজন করায় তারা কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





















