অপরাধ

রাজশাহীর গোদাগাড়ীতে ১০০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

  মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ২ মে ২০২৬ , ১২:৩৮:১০ প্রিন্ট সংস্করণ


রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১ মে ২০২৬) রাতে গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট বাজার এলাকায় কাঁকনহাট খাদ্য গুদামের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মোঃ শরিফুল ইসলাম শরিফ ; তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবির এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ সাফিনা পার্ক ও আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযানে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কাঁকনহাট খাদ্য গুদামের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরবর্তীতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফ আলীর নেতৃত্বে রাত পৌনে ১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দৌড়ে পালানোর চেষ্টা করলে রাত সোয়া ১টার দিকে তাকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার শরিফুল ইসলাম শরিফের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content