অপরাধ

মাধবপুরে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১২ এপ্রিল ২০২৬ , ৯:৫০:৫০ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুইটি বিশেষ অভিযানে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিকস ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১২ এপ্রিল) রাতে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। পরে দিবাগত রাত ১টার দিকে একটি কার্টুন ভর্তি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে কার্টুনের নিচে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিনে সকাল ৮টার দিকে একই এলাকায় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান তল্লাশি করে বস্তার ভেতরে লুকানো ভারতীয় অবৈধ জিরা জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭৮ লাখ টাকা। উদ্ধারকৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরও খবর

Sponsered content