রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ , ৩:২০:২৮ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাবুদ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর কাঁঠালতলী গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মাবুদ ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
পরিবার ও থানা পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই দিন ধরে মাবুদকে অস্থির দেখাচ্ছিল। তবে এর কারণ তিনি কাউকে জানাননি। পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে তাঁকে তেমন কিছু জিজ্ঞেস করেননি।
ঘটনার দিন সকালে মাবুদ ও তাঁর ভাই একসঙ্গে নাশতা করেন। এরপর তাঁর ভাই একটি সিম কোম্পানিতে চাকরির কাজে বেরিয়ে যান। অন্যদিকে, তাঁর মা নিজেদের কৃষিজমিতে কাজ করতে মাঠে যান। কাজ শেষে বাড়ি ফিরে তিনি দেখেন, মাবুদ নিজের ঘরে ঘুমিয়ে আছেন। তাঁকে না ডেকে তিনি দুপুরের রান্না করতে রান্নাঘরে চলে যান।
রান্না শেষে বিকেল সাড়ে তিনটার দিকে ছেলেকে খেতে ডাকতে গিয়ে মা দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি জোরে ধাক্কা দিলে ভেতরের ছিটকিনি ভেঙে দরজা খুলে যায়। এ সময় তিনি ছেলেকে ঘরের বাঁশের সরের সঙ্গে প্লাস্টিকের নাইলন রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।
মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরে দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, মাবুদ শান্ত ও নম্র স্বভাবের ছিলেন। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্য বা স্থানীয় কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মাবুদের মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।





















