সারাদেশ

দিনাজপুরে সরকারি সফরে এসে অসহায় মানুষের মাঝে চিকিৎসাসেবা দিলেন মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

  মোঃ শাহ্ আলম মন্ডল দিনাজপুর প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:০৪:৪৪ প্রিন্ট সংস্করণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সরকারি সফরে নিজ এলাকায় এসে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নবাবগঞ্জ উপজেলা-এর মতিহারা গ্রামে জুম্মার নামাজ শেষে স্থানীয় অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি সরাসরি রোগী দেখেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা আহমেদ আলী বলেন,“মন্ত্রী মহোদয় আমাদের এলাকার মানুষ হয়েও রাষ্ট্রীয় ব্যস্ততার মাঝেও নিজ গ্রামে এসে চিকিৎসা দিচ্ছেন—এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

এ সময় অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “আমি সবসময় চেষ্টা করি আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকতে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকেই অসহায় মানুষের জন্য চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর আওতায় দরিদ্র, অসহায়, নারী ও শিশুদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মন্ত্রীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।

আরও খবর

Sponsered content