প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ২:০০:১২ প্রিন্ট সংস্করণ
চিরঘুমের দেশে পাড়ি জমিয়েছেন ‘একটা চাদর হবে চাদর’খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন। হৃদরোগ আক্রান্ত হয়ে গেল শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গায়কের মৃত্যুর ৪ দিন পর প্রকাশ হয়েছে তার নতুন গান। শিরোনাম ‘কেউ জানলো না কেউ বুঝলো না’। গানটি লিখেছেন ফারুক আসাদ। সুর ও সংগীত পরিচালনায় অমিত কর। এটি প্রকাশ হয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে অমিত কর বলেন, ‘সুমন আমার খুব কাছের একজন ভাই-বন্ধু ছিলেন। তার জন্য কয়েকটি গান করেছি। এগুলো নিয়ে আমাদের দুজনের কিছু পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই সে আমাদের ছেড়ে চলে গেল। আশা করছি, সুমনের ভক্তদের ভালো লাগবে গানটি।’
এদিকে, দীর্ঘ বিরতি কাটিয়ে গানে ফিরেছিলেন জেনস সুমন। জানিয়েছিলেন, নতুন করে গানে ফেরা তার কাছে পুনর্জন্মের মতো। ক্যারিয়ারের এই ইনিংসে অভিজ্ঞ সুরকারদের পাশাপাশি কাজ করতে চান নতুন প্রজন্মের সঙ্গে।
পরিকল্পনামাফিক বেশ কয়েকটি গান রেকর্ডিংও করেছিলেন। এখনো অপ্রকাশিত রয়েছে বেশ কয়েকটি গান। সেই গানগুলোর একটি ‘কেউ জানলো না কেউ বুঝলো না।’
বলা দরকার, নব্বইয়ের দশকের শেষ দিকে সংগীতে ক্যারিয়ার শুরু করেন জেনস সুমন। ‘একটা চাদর হবে’ তাকে রাতারাতি খ্যাতি এনে দেয়। ২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে গানটি প্রচারের পর ব্যাপক সাড়া পড়ে। সংগীতের ভুবনে আলোচনায় চলে আসেন জেনস সুমন।
জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ পেয়েছিল ১৯৯৭ সালে। একে একে প্রকাশ পেয়েছে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি অ্যালবাম। ২০০৮ সালে ‘মন চলো রূপের নগরে’ অ্যালবামের পর বিরতিতে চলে যান তিনি।











