প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:০৩:৫৩ প্রিন্ট সংস্করণ
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূল করাই আমার প্রথম রাজনৈতিক চ্যালেঞ্জ। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে যেখানে যা প্রয়োজন, প্রশাসনকে সেখানেই দ্রুত ব্যবস্থা নিতে হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নুরুদ্দিন অপু বলেন, ‘বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি থেকে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে শরীয়তপুরকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। শরীয়তপুর-৩ আসনের মানুষ যাতে নিরাপদ, নিশ্চিন্ত ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করা হবে।’
শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় লক্ষ্য করেছি শিক্ষাক্ষেত্রে মেয়েরা এগিয়ে থাকলেও অনেক ছেলে অল্প বয়সে ঝরে পড়ছে।’ এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্বাস্থ্যখাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, ‘ভেদরগঞ্জের স্বাস্থ্যব্যবস্থা এখনও অনেক পিছিয়ে রয়েছে।’ রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রাফসান রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোবহান মুসি, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, বিএম মোস্তাফিজ (মোস্তফা) সহ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এবং ভেদরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।




















