সারাদেশ

বগুড়া-কড়িতলা সড়ক সংস্কারের প্রস্তাব ‘অনুমোদনহীন’: লাখো মানুষের ভোগান্তি, দ্বিগুণ সময় ব্যয়

  রাশেদ, স্টাফ রিপোর্টার (বগুড়া) ৫ নভেম্বর ২০২৫ , ৩:৫৩:০৬ প্রিন্ট সংস্করণ

বগুড়ার সারিয়াকান্দিতে অন্যতম প্রধান সড়ক বগুড়া-কড়িতলা সড়কের বেহাল দশা। সড়কটিতে হাজারো গর্তের সৃষ্টি হওয়ার ফলে দুই উপজেলার লাখো মানুষের ভোগান্তি। কর্তৃপক্ষ বলছে সড়কটি মেরামতের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল কিন্তু পাশ হয়নি। আবারো নতুন করে মেরামতের প্রস্তাব পাঠানো হবে।
বগুড়া-কড়িতলা সড়কের জোরগাছা সেতুর পশ্চিম থেকে কড়িতলা বাজার পর্যন্ত সড়কটির অবস্থা একেবারেই বেহাল হয়ে পরেছে। সড়কটিতে বিশালাকার হাজারো গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও সড়কটির কিনারা ভেঙে বেশ বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা, বাস, ট্রাকসহ সকল ধরনের ভারি যানবাহন চলাচল করে। এছাড়া সড়কটি দিয়ে গাবতলি এবং সারিয়াকান্দি উপজেলার প্রায় লাখো মানুষ বগুড়া জেলা সদরে যাতায়াত করেন। সড়কটির হাজারো গর্ত ডিঙিয়ে প্রতিদিন চলাচল করতে এলাকাবাসীর ভোগান্তির কোনও শেষ নেই। বৃষ্টি হলে এসব গর্তগুলোতে পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। ফলে যাত্রীরা অনেক সময় কাঁদামাখা হয়ে চলাচল করেন। অসংখ্য গর্ত ডিঙিয়ে চলাচল করতে নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছেন না, গন্তব্যে পৌঁছাতে তাদের দ্বিগুণ সময় বেশি ব্যয় করতে হচ্ছে। এছাড়া সড়কটির বেহাল দশার কারণে প্রতিদিন এ সড়কে দুর্ঘটনার খবর লেগেই আছে। এ সড়কটিতে বাঙালি নদীর উপরে জোরগাছা সেতুর অবস্থাও একেবারেই বেহাল। সেতুটির পশ্চিম পাশের সড়কের পাশের মাটি এবং কার্পেটিং বৃষ্টির পানিতে ধ্বসে গেছে। এতে সেখানে বিশালাকৃতির গর্তের সৃষ্টি হয়েছে। সেতুটির উপরিভাগের বেশকিছু এলাকায় কার্পেটিং উঠে গিয়ে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে।
জোরগাছা গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম বলেন, সড়কটি দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় যাতায়াত করার কোনও জোঁ নাই। দীর্ঘদিন ধরেই সড়কের বেহাল দশা হলেও সড়কটির মেরামতের কোনও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। সড়কটির বেহাল দশার কারণে আমাদের এলাকাবাসীর ভোগান্তির কোনও শেষ নেই। আমরা দ্রুত রাস্তাটির সংস্কার চাই।
উপজেলার ভেলাবাড়ী ইউপির চেয়ারম্যান শরিফুল ইসলাম সিপন বলেন, আমার ইউনিয়নসহ সারিয়াকান্দি উপজেলার বেশকিছু ইউনিয়নের মানুষের প্রধান সমস্যা হচ্ছে বগুড়া -কড়িতলা সড়কের বেহাল দশা এবং জনসাধারণের ভোগান্তি। সড়কটির সংস্কারের জন্য সরকারের এমন কোনও দপ্তর নেই, যেখানে আমি যাইনি। তারপরও সড়কটির সংস্কার কেন হচ্ছে না তা আমার বোধগম্য না। সড়কটির সংস্কার আমাদের এলাকাবাসীর প্রধান দাবি। দ্রুত সড়কটি সংস্কার করা হোক।
সারিয়াকান্দি উপজেলা প্রকৌশলী তুহিন সরকার বলেন, সড়কটি সংস্কার করতে প্রয়োজনীয় প্রস্তাবনা পাঠানো হয়েছিল। কিন্তু প্রস্তাবনাটি পাশ হয়নি। সারিয়াকান্দি থেকে ৯ টি সড়ক সংস্কারের প্রস্তাবনা পাঠানো হয়েছিল, তার মধ্যে ৪ টি রাস্তা সংস্কারের জন্য অনুমোদন পাওয়া গেছে। তার মধ্যে এ সড়কটি নেই। সড়কটির সংস্কারের জন্য পুনরায় প্রস্তাবনা পাঠানো হবে।

আরও খবর

Sponsered content