জাতীয়

মেজর মোজাফফর জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৬ , ৬:০২:০৮ প্রিন্ট সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া) আসনের সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমদ বলেছে, ‘মেজর (অব.) মোজাফফর হোসেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন পলাতক আসামি। তিনি গোপন অবস্থায় ছিল বাপ পলাতক ছিল। তার হদিস পাওয়া মাত্র আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছে এবং সেনা হেফাজতে তাকে দেওয়া হয়েছে, যাতে যে আইনে তাদের সবাইকে বিচার করা হয়েছিল সে আইনে বিচার করা যায়, সেটা সেনাবাহিনী দেখছে।’

আজ শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষার চর এলাকায় বিজিবি আয়োজিত বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথাগুলো বলেন তিনি।

বন্যার্তদের ত্রাণ তুলে দেওয়ার আগে উপস্থিত ত্রাণ নিতে আসা এলাকাবাসীর উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশে থাকার কারণে বন্যার সময় আসতে পারিনি, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।’

আপনারা আমাকে ক্ষমা করে দিয়েছেন? এমন প্রশ্ন করে তিনি বলেন, ‘সরকার সব সময় আপনাদের পাশে আছে।’

এর আগে আজ দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারিভাবে জরিপ চলছে। জরিপের ভিত্তিতে বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিম আরা স্বপ্না,বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, বিজিবির কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, কক্সবাজারের পুলিশ সুপার মো. সাজেদুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন দেলোয়ারসহ প্রশাসনের কর্মকর্তা, বিএনপি জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার কাকারা, সুরাজপুর মানিকপুর ও বরইতলী ইউনিয়নে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

আরও খবর

Sponsered content