জাতীয়

বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলায় ১২ আসামির জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ

  ঢাকা প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৫ , ৩:৫০:৩৩ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলায় ১২ আসামির জামিন বাতিলের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষ এ আবেদন করেন। বিচারক সাব্বির ফয়েজ আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শুনানির দিন ধার্য করেছেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, “গত ২৭ অক্টোবর বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলায় ১২ আসামি আত্মসমর্পণ করলে ঢাকার সিএমএম আদালত জামিন দেয়। আমরা তা বাতিলের জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেছি।”

জামিনপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন—আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মঈনুল হক, (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান, আশিক আহমেদ, গাজী মো. সালাহউদ্দিন, হাফিজুর রহমান, খালিদ ইসলাম, মো. মাহতাবুল আমিন, সোহেল শরীফ, তাজিন আলম, নাদির শাহ কোরেশী, মীর নাসির হোসেন ও সিসিও মুসফিক মনজুর।

মামলা দায়ের করেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ১৮ সেপ্টেম্বর গুলশান থানায়। অভিযোগে বলা হয়েছে, আইওএফ গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ও চুক্তির শর্ত লঙ্ঘন করে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাত করেছে। নেটওয়ার্ক উন্নয়নে আদায়কৃত মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের টাকা আত্মসাতের ঘটনায় জড়িত ছিলেন আইওএফ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, সালমান এফ রহমানের নির্দেশনায় প্রতি মাসে আইজিডব্লিউ অপারেটরদের বিপুল অঙ্কের অর্থ তার মালিকানাধীন বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডে জমা দিতে হতো, অথচ আইজিডব্লিউ পরিচালনার কোনো লাইসেন্স এই প্রতিষ্ঠানের নেই। মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের অর্থ সংগ্রহ হলেও প্রকৃত ব্যবহার সম্পর্কে আইওএফ অপারেটররাই অজ্ঞাত ছিলেন।

আরও খবর

Sponsered content