বিনোদন

এটাই আমার প্রথম দায়িত্ব: মোশাররফ করিম

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৬ , ২:১২:৩৬ প্রিন্ট সংস্করণ

অভিনয়ের পরিচিত মুখ মোশাররফ করিম। টিভি নাটক, ওটিটি কিংবা বড়পর্দা- সবখানেই অভিনয়ের জাদু দিয়ে জয় করেছেন দর্শকদের মন। শুধু দেশেই নয়, কলকাতাতেও এই অভিনেতার জনপ্রিয়তার ঘাটতি নেই। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করে গেলেও এবার মোশাররফ করিমকে পাওয়া যাবে বিচারক হিসেবে। প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে আয়োজিত বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এর প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোশাররফ করিম।

নতুন এই দায়িত্ব নিয়ে মোশাররফ করিম বলেন, ‘বিচারক শব্দটা শুনতে যত সহজ মনে হয়, দায়িত্বটা কিন্তু ততটা সহজ নয়। তবে আমি সব সময় যেকোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। বাভাসি সত্যিই অসাধারণ একটি প্ল্যাটফর্ম, যেখানে নতুনদের মেধা বিকাশের সুযোগ রয়েছে। এত বছরের ক্যারিয়ারে বিচারক হিসেবে এটাই আমার প্রথম দায়িত্ব। আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’

এবারের বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশ থেকে ৭৫টি সিনেমা জমা পড়েছে। প্রাথমিক বাছাই শেষে ৫২টি সিনেমা নির্বাচিত হয়েছে। এরপর জুরি বোর্ডের মূল্যায়নে সেখান থেকে ১৬টি সিনেমা দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ শেষে চূড়ান্ত পর্বের জন্য ৭টি সিনেমা নির্বাচিত হবে।

উৎসবে সেরা চিত্রনাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী, শিল্প নির্দেশক, চিত্রগ্রাহক, সম্পাদক, গীতিকার, আবহসংগীত ও রূপসজ্জাসহ বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।

আয়োজকদের ভাষ্য, এই উৎসবের লক্ষ্য চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের নির্মাতা এবং শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনা ও সাংস্কৃতিক বিনিময়কে আরও সমৃদ্ধ করা। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে নতুন নির্মাতাদের কাজ তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।