প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৬ , ১:৩৪:৪০ প্রিন্ট সংস্করণ
এবার পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সেটা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
আজ সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘সরকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয়, তা সৌজন্যমূলক।’
সরকার ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে জানিয়ে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। সাধারণ মানুষের নাগালে ইলিশের দাম চলে আসবে।’
তিনি আরও বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও বাড়াতে মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ শুরু হচ্ছে। এটি চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হবে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে।
এ সময় জাটকা আহরণ ক্রয়-বিক্রি ও মজুদ করা থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে।’
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের আরও খাদ্যসহ অন্যান্য সহায়তা দেওয়া হবে। সরকার আর্থিক সহায়তা বিতরণে কোনো অনিয়ম সহ্য করবে না।




















