সোহেল খান দূর্জয় – নেত্রকোণা ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৩:০৬ প্রিন্ট সংস্করণ
নেত্রকোণা শহরের একটি দোকানে এসি বিস্ফোরণজনিত অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আগুনে দোকানের বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স মালামাল পুড়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোণা শহরের আখড়া মোড় এলাকায় অবস্থিত হেনা ডিজিটাল ল্যাব-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী হলেন শহরের নিউটাউন এলাকার মানিক সাহার ছেলে রাজু সাহা (৪৫)।
নেত্রকোণা ফায়ার সার্ভিস-এর স্টেশন অফিসার খানে আলম জানান, দোকানের মালিক রাজু সাহা সকালে দোকান খুলে ভেতরে প্রবেশ করে বিদ্যুতের সুইচ চালু করেন। এ সময় দোকানে থাকা দুটি এসি একসঙ্গে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
এতে রাজু সাহা দগ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল-এ ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
নেত্রকোণা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা বৃষ্টি আক্তার জানান, রাজু সাহার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।




















