সারাদেশ

নীলফামারীতে বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের ‘ভিক্টরি সাইকেল র‍্যালি ২০২৫’

  জহুরুল ইসলাম | নীলফামারী প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ৬:১৫:৪৭ প্রিন্ট সংস্করণ

৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উদ্যোগে ‘VICTORY CYCLE RALLY 2K25’ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এই সাইকেল র‍্যালিতে প্রায় দুই হাজার সাইকেল অংশগ্রহণ করে, যা জলঢাকা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় র‍্যালিটি ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে। পরে জলঢাকা শহরের প্রধান প্রধান সড়ক—ডোমার-ডিমলা সড়ক, জলঢাকা বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা শৃঙ্খলাবদ্ধভাবে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি মহসিন আলী। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি রেজাউল করিম।

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা বহন করেন। “শিবিরের আরেক নাম—আদর্শের সংগ্রাম” স্লোগানে পুরো জলঢাকা শহর মুখরিত হয়ে ওঠে, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক অনন্য অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে আদর্শিক ছাত্ররাজনীতি অব্যাহত রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলেও তারা উল্লেখ করেন।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

আরও খবর

Sponsered content