ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ১:২৩:৩১ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জ উপজেলায় রেকটিফাইড স্পিরিট (ফাইট স্প্রিট) পান করে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর এলাকায়।
নিহতরা হলেন— আলমগীর হোসেন (৪০), পিতা আমিরুল ইসলাম, বাড়ি পূর্ব শিবপুর এবং সোহেল মিয়া (৩০), পিতা মৃত রফিকুল ইসলাম। এ ঘটনায় পুলিশ মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিন (৪৬)-কে গ্রেপ্তার করেছে। তিনি কিসামত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলাম-এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত মাত্রায় নেশাজাতীয় স্পিরিট পান করার পর দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আলমগীর হোসেনকে গতকাল দিবাগত রাত প্রায় ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে একই রাত আনুমানিক ১২টার দিকে সোহেল মিয়া নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় মারা যান।
স্থানীয়রা জানান, নিহতরা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন। তবে কখন এবং কীভাবে তারা অসুস্থ হয়ে পড়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেননি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ হাসান ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।














