সারাদেশ

মান্দায় বিএনপি নেতাকে নির্যাতন: উত্তপ্ত রাজনীতি, পাল্টাপাল্টি কর্মসূচিতে আতঙ্ক

  নওগাঁ প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ , ১১:৩৯:১৪ প্রিন্ট সংস্করণ


নওগাঁর মান্দায় উপজেলা বিএনপির এক নেতাকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় স্থানীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার ১০-১১ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিরা গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদকে প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড় থেকে তুলে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, তাকে একটি বাসভবনের নিচতলার কক্ষে আটকে রেখে কয়েক ঘণ্টা ধরে নির্যাতন করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় ১১ এপ্রিল তার স্ত্রী ছালমা খানম মান্দা থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামিদের মধ্যে ২, ৪, ৫ ও ৬ নম্বর আসামি গত ১৩ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মেহেদী হাসান ৬ নম্বর আসামি সিদ্দিক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। অন্যদিকে ২ নম্বর আসামি গোল্ডেন, ৪ নম্বর আসামি মকবুল ও ৫ নম্বর আসামি নয়নকে শর্তসাপেক্ষ জামিন দেওয়া হয়। মামলার ১ নম্বর আসামি মোহাম্মদ আলী ও ৩ নম্বর আসামি শহিদুল ইসলাম এখনো পলাতক।

ঘটনার প্রতিবাদে ৬ এপ্রিল নওগাঁ শহরে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির একাংশ। একই দিন সন্ধ্যায় মান্দার ফেরিঘাট এলাকায় সংসদ সদস্যের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল হয়। পরদিন প্রসাদপুর বাজারে আবারও পাল্টা বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, পূর্বেও দলের এক নেতার ওপর হামলার ঘটনায় কোনো বিচার হয়নি। একই সঙ্গে অভিযোগ উঠেছে, কিছু মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও প্রধান আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

আরও খবর

Sponsered content