মোঃ নুরুজ্জামান শেখ, স্টাফ রিপোর্টার: ৩ নভেম্বর ২০২৫ , ৪:০২:৪২ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গীর খৈরতল সাতাইশ রোডে অবস্থিত ভিয়েলাটেক্স লিমিটেড (ভিয়েলাটেক্স গ্রুপ) ইনসেন্টিভ বিতরণের বিষয় নিয়ে শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ায় সোমবার (৩ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রম আইনের ২০০৬ সালের ১৩(১) ধারার আওতায় হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভোর থেকেই কারখানার মূল গেটে তালা ঝুলিয়ে অফিসিয়াল নোটিশ টানানো হলে শ্রমিকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দেয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, বিদেশি বায়ারের বরাদ্দকৃত ইনসেন্টিভ নিয়ে কিছু শ্রমিকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং গুজব ছড়িয়ে পড়েছে। এতে অযৌক্তিক উত্তেজনা তৈরি হওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং শ্রম পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়েছে।
সকালে কারখানার গেটে তালা দেখে শ্রমিকরা আতঙ্কিত হন। সকাল ৭টা ৫০ মিনিটের দিকে প্রায় তিন থেকে চার শতাধিক শ্রমিক কারখানার সামনে জড়ো হন। উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
শিল্প পুলিশের এএসপি সেলিম জানান, “বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।”
একই সময়, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের কারখানার ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা কেউ প্রবেশ করতে দিচ্ছে না, ফলে সরাসরি তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
ভিয়েলাটেক্স লিমিটেডের জিএমসহ দায়িত্বশীলদের একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এইচআর অ্যাডমিন মাহবুব বলেন, “আমাদের এখানে কোনো অঘটন ঘটেনি। নিয়ম অনুযায়ী নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।”




















