মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ৩:০৮:২১ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির দায়ে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুটি পৃথক মামলায় মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রুহুল আমিনকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং আশ্রবপুর গ্রামের মিয়াব আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মুজিবুর রহমান, মনতলা ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি টিম সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”















