প্রতিনিধি ২০ মে ২০২৬ , ১০:২৫:২১ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ অভিজ্ঞতা, অদম্য মানসিকতা আর দেশের প্রতি দায়িত্ববোধ; এই তিনের সমন্বয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরছেন ক্রেইগ গর্ডনের। ৪৩ বছর বয়সেও স্কটল্যান্ড জাতীয় দলে আস্থা ধরে রেখেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। আসন্ন ২০২৬ ফিফা বিশ্ব কাপের জন্য ঘোষিত স্কটল্যান্ডের ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন তিনি।
২০০৪ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল গর্ডনের। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। এর মধ্যে ইনজুরি, ফর্মহীনতা এবং কঠিন সময় পার করলেও জাতীয় দলের দরজা কখনও পুরোপুরি বন্ধ হয়নি তার জন্য। এবার বিশ্বকাপে সুযোগ পেলে ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ফুটবলার হিসেবে নাম লেখাবেন তিনি।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড রয়েছে ইসাম আল হাদারির। ২০১৮ বিশ্বকাপে ৪৫ বছর বয়সে মাঠে নেমেছিলেন মিশরের এই গোলরক্ষক। আর এবার সেই তালিকায় নিজের নাম তুলতে যাচ্ছেন গর্ডন।
জানা গেছে, জানুয়ারিতে হার্ট অব মিডলোথিয়ানের হয়ে তিন ম্যাচ খেলেছেন গর্ডন। স্কটিশ প্রিমিয়ারশিপে দীর্ঘদিনের শীর্ষস্থানীয় দলটি শনিবার সেল্টিকের কাছে অল্পের জন্য শিরোপা হাতছাড়া করে। যদিও কাঁধের চোট নিয়ে ভুগছেন গর্ডন। অন্য দুই গোলরক্ষক– নটিংহ্যাম ফরেস্টের অ্যাঙ্গুস গান এবং রেঞ্জার্সের লিয়াম কেলি। তারা সম্ভবত প্রথম পছন্দের গোলরক্ষক, তবে তারাও নিজ নিজ ক্লাবে অনেকটাই কোণঠাসা অবস্থায় আছেন।
তিন গোলরক্ষককে নিয়ে ক্লার্ক বলেন, ‘গোলরক্ষকরা যদি অনুশীলনে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করে, তাহলে মনে হয় তারা দলে এসে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবে।’
আলাদা করে গর্ডনের বিষয়ে স্কটিশ কোচের অভিমত; ‘আমরা হার্টস থেকে ভালো খবর পেয়েছি। ক্রেইগ আমাদের আশ্বস্ত করেছে যে সে পুরোপুরি ফিট এবং তার (বিশ্বকাপ) দলে যাওয়া উচিত। কারণ সে বাছাইপর্বের একটি অংশে খেলেছে।’ বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেতৃত্ব দেবেন লেফট-ব্যাক অ্যান্ডি রবার্টসন, যিনি চলতি মৌসুম শেষে অ্যানফিল্ডের ক্লাব লিভারপুল ছাড়বেন। নাপোলিতে খেলা স্কট ম্যাকটমিনে মিডফিল্ড শক্ত করবেন আর আক্রমণভাগে রাখা হয়েছে ২০ বছরের বেন গ্যানন-ডোক এবং ১৯ বছরের ফিন্ডলে কার্টিসকে।
স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক
অ্যাঙ্গুস গান, ক্রেইগ গর্ডন, লিয়াম কেলি
ডিফেন্ডার
অ্যারন হিকি, নাথান প্যাটারসন, অ্যান্ডি রবার্টসন, কিয়েরান টিয়ারনি, গ্রান্ট হ্যানলি, জ্যাক হেন্ড্রি, জন সাউটার, স্কট ম্যাককেনা, ডম হাইয়াম, অ্যান্থনি রালস্টন
মিডফিল্ডার
স্কট ম্যাকটমিনে, জন ম্যাকগিন, বিলি গিলমোর, রায়ান ক্রিস্টি, লুইস ফার্গুসন, কেনি ম্যাকলিন, বেন গ্যানন-ডোক, ফিন্ডলে কার্টিস
ফরোয়ার্
লরেন্স শ্যাঙ্কল্যান্ড, লিন্ডন ডাইকস, শে অ্যাডামস, জর্জ হার্স্ট ও রস স্টুয়ার্ট















