মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৬ , ১১:৩৬:৪৪ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ এপ্রিল গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী গ্রামের মহিশালবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের পশ্চিম পাশে একটি কাঁঠাল গাছের নিচে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) শফিউদ্দিন আহমেদ।
অভিযানকালে মো. ওসমান গনি (২৯), পিতা মো. জমির উদ্দিন, গ্রাম মহিশালবাড়ী, থানা গোদাগাড়ী, জেলা রাজশাহী—কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি সাদা স্বচ্ছ পলিপ্যাকে রাখা মোট ২০০ গ্রাম হেরোইন (১০০+১০০ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ সময় মো. সাদ্দাম হোসেন নামে আরেক আসামি পালিয়ে যায়। তার পিতার নাম জানা যায়নি, তবে তিনি একই গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত ওয়ানপ্লাস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং চাবিসহ একটি ১৫০ সিসি নীল রঙের ইয়ামাহা এফজেডএস ভার্সন-২ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।





















